ইউটিউবে মদ- জুয়ার বিজ্ঞাপন বন্ধ রাখতে নতুন টুল

১৩ ডিসেম্বর, ২০২০ ০৯:৪৪  
মদ ও জুয়া সম্পর্কিত বিজ্ঞাপন দেখানো বন্ধ করে রাখতে ব্যবহারকারীকে ক্ষমতা দিচ্ছে ইউটিউব। এজন্য নতুন টুলের সাহায্যে সেটিংসে পরিবর্তন আনার সুযোগ দেয়া হবে। ‘পার্সোনালাইজড’ বিজ্ঞাপন ফিচারের পাশেই পাওয়া যাবে নতুন ফিচারটিকে। “কিছু মানুষ যে সুনির্দিষ্ট শ্রেণীর বিজ্ঞাপন দেখতে চান না” সেটির প্রতিক্রিয়া হিসেবেই নতুন সেটিংটি আনা হয়েছে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছেন ইউটিউবের ভাইস প্রেসিডেন্ট ডেবি ওয়াইনস্টিন। বিবিসির খবরে বলা হয়েছে, প্রথমে নতুন ফিচারটি যুক্তরাষ্ট্রে আসবে, তারপর যুক্তরাজ্যে, এরপর বিশ্বের অন্যান্য দেশে। তবে ইউটিউবের নতুন টুলটি সব বিজ্ঞাপন আটকাতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই। আর যে দেশগুলোতে জুয়া এবং মদ সম্পর্কিত বিজ্ঞাপনের ব্যাপারে আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে, সে দেশগুলোতে কোনো পরিবর্তন চোখে পড়বে না। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফিচারটির গণ্ডি আগামীতে শুধু ইউটিউবে সীমাবদ্ধ থাকবে না, এটি গোটা গুগল অ্যাডস-এ আনার পরিকল্পনা রয়েছে ইউটিউব মালিক গুগলের।